বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ এবং সময়মতো শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার বুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বুয়েট শিক্ষার্থীদের আবাসন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। একইসঙ্গে শহীদ আবরার ফাহাদের নামে বুয়েটে একটি নতুন ছাত্রাবাস নির্মাণের প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে পূর্বাচলে বুয়েটের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় জমির মূল্যও সরকার পরিশোধ করবে।
দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কাজ করছে। বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের জীবনে অযথা সময় নষ্ট কমিয়ে আনতে সরকার পাবলিক পরীক্ষা শেষে দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষা সম্পন্ন করতেও নির্ধারিত সময় মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, শিক্ষার্থীদের দক্ষ, কর্মমুখী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। সে লক্ষ্যে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একরামুল হক। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠিন ভর্তি প্রতিযোগিতা পেরিয়ে তোমরা বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছো।
এ সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে নিয়মশৃঙ্খলা মেনে নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও দেশের প্রতি দায়িত্ববোধ ধরে রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের প্রো-ভিসি প্রফেসর ড. আবদুল হাসিব চৌধুরী। তিনি বলেন, বুয়েটে ভর্তির মাধ্যমে শিক্ষার্থীরা একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। তাই তাদের ওপর দেশের প্রতি বিশেষ দায়িত্বও বর্তায়। বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন ইনস্টিটিউট ও দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
