নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ বত্রিশে ওঠার আনন্দের মাঝেই মিশরীয় দলে নেমে আসে দুশ্চিন্তার ছায়া। ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করার ম্যাচটিতে বাঁ-পায়ের চোট নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় অধিনায়ক মোহাম্মদ সালাহকে। তবে ম্যাচের পর মিশরীয় সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছেন দলের প্রধান কোচ হোসাম হাসান। চোট গুরুতর নয় এবং নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সালাহ খেলবেন বলে তার আশা। লুমেন ফিল্ডে ম্যাচের ৫৬তম মিনিটে সবাইকে চমকে দিয়ে সালাহকে তুলে নিয়ে মোস্তফা জিকোকে মাঠে নামান কোচ। ডাগআউটে বসে এই তারকা ফরোয়ার্ডকে তার বাঁ-পায়ে বরফ দিতে দেখা যায়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ হোসাম হাসান বলেন, ‘আমি সালাহর সঙ্গে কথা বলেছি। সে আমাকে আশ্বস্ত করেছে যে সে ঠিক আছে এবং চোটটি খুব একটা বড় নয়। আমাদের মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছে এবং হোটেলে ফেরার পর আরও কিছু পরীক্ষা করা হবে। আমার বিশ্বাস, সে দ্রুতই মাঠে ফিরবে।’ মিশরের সংবাদ মাধ্যমও সালাহর ইনজুরির নিয়ে বেশ কিছু সংবাদ করেছে। তবে সেখানে তার ইনজুরির বিষয়ে পরিষ্কার তথ্য দিতে পারেনি। তারা জানিয়েছে হোটেলে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সালাহর।
সেগুলোর রিপোর্ট নাকি এখনো হাতে পায়নি মেডিকেল বোর্ড। তবে সালাহ আগের চেয়ে স্বাভাবিক আছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
চলতি বিশ্বকাপে লিভারপুলের এই সাবেক কিংবদন্তি দারুণ ফর্মে আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা প্রথম ম্যাচে নিজের ৬৮তম আন্তর্জাতিক গোলটি করার পাশাপাশি টুর্নামেন্টে দুটি অ্যাসিস্ট করেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্ধিত ৪৮ দলের এই বিশ্বকাপে সালাহর ওপর ভর করেই নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার গ্রুপ পর্বের বাধা পার করেছে ‘ফারাও’রা। আগামী ৩রা জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় ডালাসে শেষ বত্রিশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর।
