২৭শে জুন আন্তর্জাতিক (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) এমএসএমই দিবস। বিশ্ব অর্থনীতি ও টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি খাতের গুরুত্বকে সামনে রেখে বিশ্ব জুড়ে উদ্যাপিত হয়েছে ‘বিশ্ব এমএসএমই দিবস-২০২৬’। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত এই বিশেষ দিবসের এবারের মূল প্রতিপাদ্য
নির্ধারণ করা হয়েছে- ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে মানবকেন্দ্রিক উদ্যোগ: মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের আগামী প্রজন্মের অর্থনৈতিক ক্ষমতায়ন’। শোভন কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে ২০১৭ সালে জাতিসংঘ ২৭শে জুনকে ‘আন্তর্জাতিক এমএসএমই দিবস’ হিসেবে ঘোষণা করে। সেই হিসাবে, এ বছর সারা বিশ্বে ১০ম বারের মতো দিবসটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় আগারগাঁওয়ে পর্যটন ভবন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। শিল্প সচিব আব্দুন নাসের খান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীসহ দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, চেম্বার ও এসোসিয়েশন প্রতিনিধি ও সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন। এ ছাড়া এদিন সকাল ১১টায় আগারগাঁও বিডা ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং উইম্যান অন্ট্রাপ্রেনিউয়র্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল।
