আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৫ উইকেটের হার বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন ভেঙে দিয়েছে। সুযোগ আছে দক্ষিণ আফ্রিকার। চার ম্যাচে শতভাগ জয় পাওয়া অস্ট্রেলিয়া যদি ভারতকে হারিয়ে দেয় সেমিফাইনালের পথটা সহজ হয়ে যাবে প্রোটিয়া মেয়েদের। বাংলাদেশকে হারালে হিসাবনিকাশ ছাড়াই সেমিফাইনালে চলে যাবে তারা। তবে টাইগ্রেসরাও চাইবে বিশ্বকাপ যাত্রার শেষটা রাঙাতে। লর্ডসে দু’দলের লড়াই শুরু বিকাল সাড়ে ৩টায়। এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে রেকর্ড সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০৮ রান তুলে তারা।
ওপেনার তাজমিন ব্রিটস ৬৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলে প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেন। এছাড়া অধিনায়ক লরা ওলভার্ট ও অ্যানেরি ডার্কসেনের ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। যার নেতৃত্বে আয়াফনগা খাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের তিনে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ভারতের কাছে হেরে কিছুটা চাপে বাংলাদেশ।
ব্যাটিংয়ে জুরাইরিয়া ফেরদৌস এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ভালো শুরু পেলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি। তবে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের জয়ের স্মৃতি থেকে প্রেরণা নিতে চায় টাইগ্রেসরা। প্রোটিয়াতে হারাতে হলে বাংলাদেশের বোলারদের বিশেষ করে মারুফা আক্তার ও রিতু মনিকে সেরাটা দিতে হবে।
টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মুখোমুখি শেষ পাঁচ লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা বেশ এগিয়ে। তিনটিতে জিতেছে তারা। একটিতে ফল হয়নি। একটি ম্যাচে জিতেছে টাইগ্রেসরা। নেদারল্যান্ডস,পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর ঘোষণা দিয়ে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়েন জ্যোতি।
