১৮টি বিশ্বকাপ কাভার স্কালোনির সম্মান পাওয়া কে এই মারকেজ!

১৮টি বিশ্বকাপ কাভার স্কালোনির সম্মান পাওয়া কে এই মারকেজ!

ফন্ট সাইজ:

‘জে’ গ্রুপে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচের আগে এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সংবাদ সম্মেলনে ৯১ বছর বয়সী কিংবদন্তি আর্জেন্টাইন সাংবাদিক এনরিকে মাকায়া মারকেজকে বিশেষ সম্মান জানিয়েছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। টেক্সাসের আর্লিংটনে আয়োজিত ম্যাচপূর্ব এই সংবাদ সম্মেলনে মারকেজকে প্রথম প্রশ্ন করার সুযোগ দেয়া হয়।

প্রশ্নোত্তরের আগে এই প্রবীণ ব্রডকাস্টারের দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্কালোনি বলেন, ‘আপনার প্রশ্নের উত্তর দিতে পারাটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আপনি প্রশ্ন করেছেন বলেই আমি এর উত্তর দিচ্ছি। বিশ্বকাপ উপভোগ করুন।’ জবাবে মারকেজ হেসে বলেন, ‘আমার জন্য এটিই যথেষ্ট।’ সংবাদ সম্মেলন শেষে স্কালোনি নিজে এই বর্ষীয়ান সাংবাদিকের কাছে এগিয়ে যান, তাকে জড়িয়ে ধরেন এবং ফটোসেশনের জন্য পোজ দেন।

মারকেজের বিশ্বকাপ কাভার করার ইতিহাস প্রায় সাত দশকের। ১৯৩৪ সালে বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করা মারকেজ মাত্র ১৫ বছর বয়সে রেডিও রিভাডাভিয়ার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর ১৯৫৮ সালে ২৩ বছর বয়সে তিনি সুইডেন বিশ্বকাপ কাভার করতে যান। চলতি আসর পর্যন্ত টানা ১৮টি বিশ্বকাপ কাভার করার অবিশ্বাস্য রেকর্ড তার! তার এই অসামান্য কীর্তিকে ইতোমধ্যে ফুটবলের সর্বোচ্চ সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপে ফিফা এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) তাকে ১৭টি বিশ্বকাপ কাভার করার জন্য বিশেষ সম্মাননা প্রদান করে। চলতি মাসে তার ১৮তম বিশ্বকাপ কাভার করার যাত্রা শুরু হলে দক্ষিণ আমেরিকার ফুটবল অ্যাসোসিয়েশন (কনমেবল) এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার এই অর্জনকে ‘সত্যিই অবিশ্বাস্য’ বলে প্রশংসা করেন। বিশ্বকাপের বাইরেও তিনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি। মারকেজ ১৯৮৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটির প্রভাবশালী টেলিভিশন প্রোগ্রাম ‘ফুটবল দে প্রিমেরা’ সঞ্চালনা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন