প্লাস্টিকের বোতল দিয়ে ফানেল বানিয়ে তাতে কল চেপে পানি ঢালছেন একজন। কয়েক হাত লম্বা পাইপে করে সেই পানি একটি ছাগলকে দু’পা দিয়ে চেপে ধরে মুখে ঢুকাচ্ছেন আরেকজন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একটি পশুর হাটের আশপাশের এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় চাঞ্চল্য । এতে পশুর সঙ্গে অমানবিকতা, অতিরিক্ত পানি খাইয়ে ছাগল-খাসির ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রি করে প্রতারণার ঘটনা উঠে এসেছে সামনে। স্থানীয়রা এমন অমানবিক ঘটনায় জড়িত ছাগল মালিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, গত বুধবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা। তিনি ওই উপজেলার কড়ইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের (সাব মিয়া) ছেলে এবং উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (কড়ইকান্দি) যুবদল নেতা। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওইদিন সকালে রূপসদী বাজারে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে আসেন চাঁন বাদশা। এ সময় ছাগলের ওজন বাড়ানোর জন্য পাইপ দিয়ে পানি খাওয়াতে থাকেন তিনি। এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে- চাঁন বাদশা তার দুই পায়ের মাঝখানে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। আরেকজন পাইপের মধ্যে পানি ঢালছেন। ফেসবুকে ভিডিও ছড়ানোর পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চাঁন বাদশা। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত চাঁন বাদশাকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে বাঞ্ছারামপুরে খোঁজ নিয়ে জানা গেছে, কড়ইকান্দি গ্রামের চাঁন বাদশাসহ ছাগল-খাসি বিক্রির সঙ্গে জড়িত আরও কয়েকজন নিয়মিত এই কাজ করছেন। তারে হাটে নিয়ে যাওয়ার আগে তাদের বাড়িতে কখনো হাটের আশপাশে ছাগল বা খাসিকে অতিরিক্ত পানি খাইয়ে স্বাস্থ্যবান করছেন, ওজন বাড়াচ্ছেন যাতে বেশি দামে বিক্রি করতে পারেন। স্থানীয় সূত্র জানায়, ৯ ওয়ার্ড অর্থাৎ কড়ইকান্দি বিএনপি’র নেতা মাইনুদ্দীন সরকার, ওই ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি নবী মিয়া এবং আইয়ুবপুর ইউনিয়ন যুবদল নেতা শাকিল মিয়াসহ কড়ইকান্দি গ্রামের আরও কয়েকজন ছাগল-খাসি এভাবে ফুলিয়ে-ফাপিয়ে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন। রাজশাহী এবং স্থানীয়ভাবে ছাগল-খাসি ক্রয় করে এনে তারা আবার বেশি দামে নারায়ণগঞ্জের গাউছিয়া, গোলাকান্দা, ঢাকার ডেমরা, সারুলিয়া, নরসিংদীর মাধবদী, বাবুরহাট, বাঞ্ছারামপুর, কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোরা বাজার, শ্রীঘর বাজারসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছে। কড়ইকান্দি গ্রাম পরিচিত হয়ে উঠেছে ছাগল-খাসির টর্চার এলাকা হিসেবে। যেখানে নানাভাবে নির্যাতন চলছে অবলা এই প্রাণীদের ওপর।
