জামালপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

ফন্ট সাইজ:

জামালপুরের বকশীগঞ্জে ভারত থেকে আসা বন্যহাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় তার মৃত্যু হয়। নিহত জয়নাল আবেদীন স্থানীয় মৃধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পাহাড়ে লাকরি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করতে বের হন বাড়ির লোকজন ও স্বজনরা। পরে পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে থেতলানো মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে বন্যহাতির আক্রমণে তিনি মারা গেছেন।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্যহাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন