বান্দরবানে কৃষকের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে

ফন্ট সাইজ:

পার্বত্য অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফলমূল সংরক্ষণে দীর্ঘদিনের প্রত্যাশিত কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ এখন শেষপর্যায়ে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান জেলা শহরের হাফেজঘোনা বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন ৫০ টন ধারণক্ষমতা সম্পন্ন আধুনিক কোল্ড স্টোরেজের কাজের বাস্তব অগ্রগতি ইতিমধ্যে ৯০ শতাংশে পৌঁছেছে।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হলেও সংরক্ষণের অভাবে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ ফলমূল ও শাকসবজি নষ্ট হয়ে যায়। এ সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তিন পার্বত্য জেলায় কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় বান্দরবানে ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ৫০ টন ধারণক্ষমতা সম্পন্ন দুই চেম্বারবিশিষ্ট কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। ২০২৩ সালের নভেম্বরে প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দেয়া হয় এবং আগস্ট ২০২৩ থেকে জুন ২০২৬ মেয়াদে বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

জানা যায়, ইতিমধ্যে জেনারেটর রুম, মেশিন রুম, সিঁড়ি নির্মাণসহ গুরুত্বপূর্ণ সিভিল কাজ সম্পন্ন হয়েছে। প্রি-কুলিং ও কুলিং চেম্বারে স্যান্ডউইচ প্যানেল স্থাপনের কাজও শেষ হয়েছে। বর্তমানে টাইলস, রং এবং যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। সংশ্রিষ্টরা জানান, প্রকল্পের আওতায় পূর্বে নির্মিত উন্নয়ন বোর্ডের একটি ভবনকে কোল্ড স্টোরেজে রূপান্তর করা হচ্ছে। ভবনটি দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় বোর্ড কোনো রাজস্ব আয় করতে পারছিল না। অবৈধ দখলমুক্ত করে কৃষকবান্ধব এই প্রকল্প বাস্তবায়নের ফলে একদিকে কৃষিপণ্যের অপচয় কমবে, অন্যদিকে উন্নয়ন বোর্ডের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ জানায়, ই-জিপি (ব-এচ) পদ্ধতিতে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে স্বচ্ছতার সঙ্গে কাজ পরিচালিত হচ্ছে।

প্রকল্পে গোপনীয়তা রক্ষার অভিযোগের কোনো ভিত্তি নেই বলে সংশ্রিষ্টরা দাবি করেছেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, ২০২৬ সালের জুন মাসের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে। কোল্ড স্টোরেজ চালু হলে বান্দরবানের কৃষকরা উৎপাদিত ফলমূল দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন, বাজারজাতকরণে সুবিধা পাবেন এবং ন্যায্যমূল্য নিশ্চিত হবে। ফলে পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানের ইউনিট অফিসার আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, পার্বত্য অঞ্চলের কৃষকদের উৎপাদিত শাক-সবজি, ফলমূল ও অন্যান্য দ্রুত পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ সৃষ্টি করতেই এ আধুনিক মানের কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, ফসলের অপচয় কমবে এবং স্থানীয় কৃষিভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পার্বত্য চট্টগ্রামের কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করতে উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন