শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে তিন মাস বয়সী মেঘলা ঘোষ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার পৌর শহরে এ ঘটনা ঘটে। মেঘলা ঘোষ জীবননগর পৌর শহরের মডেল সরকারি প্রাইমারি স্কুলপাড়ার মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির কন্যা। শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শনিবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দেন। ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়ি ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়।

পরে দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম বলেন, ভোরে এক শিশুকন্যাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় ১ থেকে ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে মনে হচ্ছে, শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত না হলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন