রাজাপুরে মিলন হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ঝালকাঠির রাজাপুরে বহুল আলোচিত মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার ভোরে তাদের রাজাপুর থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার বাসিন্দা মো. বেল্লাল হাওলাদারের ছেলে মো. সাইফুল হাওলাদার (২৫) এবং মো. বাদল হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সাইফুল হাওলাদারকে এবং মালিবাগ এলাকা থেকে আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

মামলার পর থেকেই তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। উল্লেখ্য, ৪ঠা এপ্রিল দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় আলহাজ হাবিবুর রহমান হিযবুল্লাহ জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ মাঠের সামনে মো. মিলন হাওলাদার (২৭) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত মিলন হাওলাদার ওই এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের মেজো ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজাপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় র?্যাব-৩ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাজাপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক হাওলাদার বলেন, ‘মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন