অন্ধকারে সীমান্তে পুশইনের চেষ্টা,  বিজিবি’র তৎপরতায় ব্যর্থ

অন্ধকারে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি’র তৎপরতায় ব্যর্থ

ফন্ট সাইজ:

হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া সীমান্তে গভীর রাতে নিরাপত্তা বাতি নিভে যাওয়ার সুযোগে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ভাষ্য, সদস্যদের দ্রুত তৎপরতা ও স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিরো লাইন থেকেই ভারতের অভ্যন্তরে ফিরিয়ে দেয়া হয়েছে। বিজিবি জানায়, গতকাল ভোররাত আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপি’র অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বাহিনীটির তথ্যমতে, তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন ও বালুগাঙ রাবার বাগানসংলগ্ন সীমান্ত এলাকায় হঠাৎ উচ্চক্ষমতাসম্পন্ন নিরাপত্তা বাতি (হাই-ভোল্টেজ সিকিউরিটি লাইট) বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয়। এ সময় অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করা হয়। বিজিবি আরও জানায়, পুরো অভিযানে স্থানীয় সীমান্তবাসী তাদের সহযোগিতা করেন। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের তৎপরতা ঠেকাতে সীমান্তে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন