চট্টগ্রামে শটগান কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন। তিনি জানান, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় একটি পুলিশ চেকপোস্টে যানবাহনে তল্লাশি চলছিল। এ সময় মোটরসাইকেলে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি লোহার শটগান এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার দু’জন হলেন, নগরের পূর্ব শহীদনগর এলাকার মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং আতুরার ডিপো এলাকার মো. আলমগীর হোসেন সজীব (২০)। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন