কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে পুত্রবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক প্রবীণ ব্যক্তিকে কুপিয়ে, পিটিয়ে ও পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আবু তাহের (৭৫) উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুন মাতবরপাড়ার বাসিন্দা। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে।
নিহতের নাতনি শিশু জারিন হাসনাত তাসফিয়া জানান, রাতে হঠাৎ বাড়িতে ঢিল ছোড়ার শব্দ পেয়ে তার দাদা ঘর থেকে বের হন। এ সময় শিফাত ও বাহাদুরসহ কয়েকজন তার ওপর হামলা চালায়।
তাসফিয়া বলেন, ‘বাড়িতে ঢিল ছোড়ার পর দাদা বের হলে শিফাত তাকে কিরিচ দিয়ে কোপ দেয় এবং পুকুরে ফেলে দেয়। দাদার চিৎকার শুনে আমার চাচা তারেকসহ আমরা বের হয়ে আসি। আমাদের আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।’ নিহতের পুত্রবধূ ছকিনা বেগম বলেন, ‘আমার জা তৈয়বা বেগমের ঘরের চালে শিফাত ঢিল ছোড়ে। তিনি চিৎকার করলে শ্বশুর আবু তাহের ঘর থেকে বের হয়ে কারণ জানতে চান। তখন শিফাত ও বাহাদুর ক্ষিপ্ত হয়ে তাকে কিরিচ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পাশের একটি পুকুরে ফেলে দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
জানা গেছে, নিহতের ছোট ছেলে কায়সার বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী। স্বামী বিদেশে থাকার সুযোগে স্থানীয় বখাটে যুবক শিফাত প্রায়ই কায়সারের স্ত্রী তৈয়বা বেগমকে উত্ত্যক্ত করত এবং রাতে বাড়িতে ঢিল ছুড়ে ভয়ভীতি প্রদর্শন করত। নিহতের বড় ছেলে নবাব মিয়া অভিযোগ করে বলেন, ‘শিফাত একজন চিহ্নিত বখাটে। আমার ছোট ভাইয়ের স্ত্রীকে সে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে আগে সামাজিকভাবে বিচার-সালিশ হয়েছে এবং শিফাতের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছিল। এরপরও সে তার কর্মকাণ্ড বন্ধ করেনি। শুক্রবার রাতে আমার বাবা এর প্রতিবাদ করায় শিফাত ও বাহাদুর পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।’
