কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালী নদী থেকে রাফিদ হাসান কনক নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার লালন শাহ মাজার মাঠসংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। জানা গেছে, সকালে স্থানীয় লোকজন লালন শাহ মাজার মাঠসংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
পরে কুমারখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক প্রতিবন্ধী ওই যুবক কোনো কারণে নদীর কিনারায় পানিতে নেমেছিলেন। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
