২৬ বছর পর বাংলা সিনেমা প্রযোজনায় অনুপম খের। এর আগে অনুপম খের কাজ করেছিলেন ঋতুপর্ণা ঘোষের সঙ্গে। কিন্তু তারপর বিগত দু’দশকে বাংলা সিনেমার সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না প্রবীণ অভিনেতার। ২০০২ সালে রিলিজ করেছিল ঋতুপর্ণা ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’। নতুন করে বাংলা ছবি প্রযোজনার সূত্রেই ফের পশ্চিমবঙ্গে এসেছেন বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজক অনুপম খের।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার কলকাতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। অনুপম খের বরাবরই বিজেপি সমর্থক। তাই শুভেন্দুকে বলে এসেছেন, আপনারা পশ্চিমবঙ্গের মানুষেরা সঙ্গে থাকুন।
শুভেন্দুর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের অনুপম খের পশ্চিমবঙ্গে অভিনয় প্রশিক্ষণের স্কুল গড়ার ভাবনার কথা জানান। তিনি বলেন, “আমি বাংলায়(পশ্চিমবঙ্গে) অ্যাক্টিং স্কুল বানাতে চাই। মুখ্যমন্ত্রী আমাকে শুভকামনা জানালেন।” তার কথায়, আমরা তো সব বাংলা থেকেই শিখেছি। এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই শেখা। সেটা সিনেমা হোক কিংবা গানবাজনা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ঔপন্যাসিক, মাণিকদা, মৃণাল সেনের মতো ফিল্মমেকার, সব এখান থেকেই শেখা। সেই প্রেক্ষিতেই আজ আমার নতুন সিনেমা তৈরির কথা জানাতে এসেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে। অনুপম খের বলেন, “ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশনের সঙ্গে আমার ‘অনুপম খের স্টুডিও’ যৌথ উদ্যোগে একটি ছবি তৈরি করছে। এতে অভিনয় করছেন পাওলি দাম ও টোটা রায়চৌধুরী। ২৬ বছর পর বাংলা ছবি প্রযোজনা করছি।”
