ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

ধ্বংসস্তূপে আটকাদের উদ্ধারে হাহাকার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

ফন্ট সাইজ:

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি হিসাব এবং ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেসের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার সন্ধ্যার এই দুর্যোগে লা গুয়াইরা এবং কারাকাসসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৩ হাজার ৩৬০ জনেরও বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও ১৭২ জন মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজের তালিকায় রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় দেশটির উত্তরাঞ্চলের বহু বহু-তল ভবন ধসে পড়ে। ভূমিকম্পের পর প্রায় দুই দিন পার হতে চললেও দুর্গত এলাকাগুলোতে ভারী সরঞ্জামের অভাব এবং সরকারি উদ্ধারকারীদের সীমিত উপস্থিতির কারণে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এই ধীরগতির কারণে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। গতকাল শুক্রবার বিকেলে কারাকাস ও মারাকাই অঞ্চলে ৪.৯ মাত্রার একটি মৃদু আফটারশক বা অনুকম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই শক্তিশালী জোড়া ভূমিকম্পে দেশটির প্রায় ৬৭০ কোটি ডলারের প্রত্যক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং ভবন নির্মাণে নিয়ম না মানার কারণে এই দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। লা গুয়াইরার প্রধান হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের হাসপাতালের পার্কিংয়ের মেঝেতে চিকিৎসা দিতে দেখা গেছে।

এছাড়া দেশের চলমান অভিবাসন সংকটের কারণে বহু দক্ষ চিকিৎসক ও উদ্ধারকর্মী আগেই দেশ ছাড়ায় এই মুহূর্তে চরম জনবল সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের প্রশাসনকে বড় ধরনের অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচল সীমিত করে কেবল নিবন্ধিত ও অফিশিয়াল উদ্ধারকারী দলগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে দেশের তেল উৎপাদন ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন খনিজ তেল মন্ত্রী পাওলা হেনাও। দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহায়তার অংশ হিসেবে মেক্সিকো ও এল সালভাদরের বিশেষ উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছে কাজ শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ডেলসি রদ্রিগেসের ফোনালাপের পর ওয়াশিংটন ১৫ কোটি ডলারের মানবিক সহয়তা ঘোষণা করেছে এবং সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে।

আমেরিকার সাউদার্ন কমান্ডের মেজর জেনারেল কেভিন জে জ্যারাড উদ্ধারকাজ তদারকি করতে কারাকাসে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ২৫০ জনেরও বেশি কর্মী এবং বিশেষ উদ্ধারকারী দল পাঠিয়েছে। এছাড়া বৃটেন, ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, স্পেন, ফ্রান্স ও তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে মানবিক সাহায্য এবং আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করেছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্যোগে দেশটির প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন