ইসরাইল-লেবানন চুক্তি সই, দুই এলাকার সেনা প্রত্যাহার করবে তেল আবিব

ইসরাইল-লেবানন চুক্তি সই, দুই এলাকার সেনা প্রত্যাহার করবে তেল আবিব

ফন্ট সাইজ:

ওয়াশিংটনে চার দিনের আলোচনার পর ইসরাইল, লেবানন ও আমেরিকার মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরাইল দক্ষিণ লেবাননের দুটি এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে এবং জায়গাগুলো লেবাননের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

আমেরিকার পররাষ্ট্র দপ্তরে এই ফ্রেমওয়ার্ক চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইসরাইলের রাষ্ট্রদূত ইয়াচিল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ। লেবাননের রাষ্ট্রদূত এই চুক্তিকে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে একটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু হিসেবে উল্লেখ করে শান্তির জন্য এর গুরুত্ব তুলে ধরেন।

চুক্তি স্বাক্ষরের পর নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, লিটানি নদীর উত্তরের একটি এলাকা এবং দক্ষিণের আরেকটি এলাকা থেকে সেনা সরিয়ে নেয়া হবে। তিনি বলেন, লেবাননের যেসব জায়গায় এখন ইসরাইলি বাহিনীর থাকার প্রয়োজন নেই, কেবল সেসব এলাকা থেকেই সেনা সরানো হচ্ছে। তিনি এই চুক্তিকে ইসরাইলের বড় জয় এবং ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে আখ্যায়িত করেছেন।

তার মতে, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইল দক্ষিণ লেবাননের বাকি অংশে তাদের অবস্থান ধরে রাখবে। অপরদিকে ইরানের কর্মকর্তারা জানিয়েছে লেবানন থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ন প্রত্যাহার করতে হবে। এই আলোচনার জন্য লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এই চুক্তির মাধ্যমে লেবাননের মানুষ তাদের সম্পূর্ণরূপে মুক্ত ভূমিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে এবং সেখানে লেবানন রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব বজায় থাকবে। হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ ইসরাইলের সাথে এই সরাসরি আলোচনার তীব্র বিরোধিতা করেছেন।

তিনি লেবানন সরকারকে এই আলোচনা এবং সমস্ত সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, যারা শত্রুর সাথে হাত মেলাচ্ছে তারা অপরাধী। হিজবুল্লাহর পক্ষ থেকে এই ত্রিপক্ষীয় চুক্তি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন