দুবাইয়ে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে বৃটিশ টিকটকার

দুবাইয়ে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে বৃটিশ টিকটকার

ফন্ট সাইজ:

ব্রুক জর্জ নামের ২৩ বছর বয়সী এক বৃটিশ টিকটক ইনফ্লুয়েন্সার দুবাইয়ে তার প্রেমিককে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এরপর মৃত্যুদণ্ডের ঝুঁকির মুখে পড়েছেন। একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। ইংল্যান্ডের কেন্টের বাসিন্দা ব্রুক জর্জ দাবি করেছেন, সহিংস পারিবারিক বিরোধের সময় আত্মরক্ষার জন্য তিনি ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করেন। মানবাধিকার সংগঠন ডিটেইনড ইন দুবাই জানিয়েছে, ২২ জুন জর্জকে গ্রেপ্তার করা হয়। সংগঠনটির অভিযোগ, তার প্রেমিক ক্রমশ নির্যাতনমূলক আচরণ শুরু করেন। তাকে ঘুষি মারেন। তার পাসপোর্ট আটকে রাখেন এবং দুবাইয়ের অ্যাপার্টমেন্টে শারীরিকভাবে আক্রমণ করেন। সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাধা স্টারলিং বিবিসিকে বলেন, তিনি নিজের জীবনের জন্য আশঙ্কা করেছিলেন এবং হাতের নাগালে থাকা রান্নাঘরের একটি ছুরি নিয়ে আত্মরক্ষার্থে পদক্ষেপ নেন।

সাবেক জন লুইস কর্মী জর্জকে ২২ জুন ভোরে আটক করা হয় এবং পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়। সংযুক্ত আরব আমিরাতের আইনে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। জর্জের মা তেরেজা জর্জ বলেন, ঘটনার পর মেয়ের সঙ্গে কথা বলার সময় তিনি তাকে অত্যন্ত আতঙ্কিত অবস্থায় দেখেছেন এবং তার একটি চোখ দৃশ্যত ফুলে গিয়েছিল। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তার মেয়ে ঘটনার সময় মরিয়া হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। রাধা স্টার্লিং আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, জর্জকে শোষণের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রলুব্ধ করে নেয়া হয়ে থাকতে পারে। তিনি প্রেমিকের আচরণে রহস্যজনক পরিবর্তন, একমুখী বিমান টিকিট এবং তার ভ্রমণসংক্রান্ত নথিপত্র আটকে রাখার বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করেন।

মানবাধিকার সংগঠনটি আরও অভিযোগ করেছে, জর্জকে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয়া হয়নি, আইনজীবীর উপস্থিতি ছাড়াই তাকে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে এবং পুরুষ কর্মকর্তাদের দ্বারা অপমানজনকভাবে দেহ তল্লাশির শিকার হতে হয়েছে। বুটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আটক বৃটিশ নারী ও তার পরিবারের সহায়তায় কাজ করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
উল্লেখ্য, মামলাটি এখনো বিচারাধীন। আত্মরক্ষার দাবি, নির্যাতনের অভিযোগ এবং আটক অবস্থায় তার সঙ্গে আচরণ সংক্রান্ত অভিযোগগুলো স্বাধীনভাবে আদালতে প্রমাণিত হয়নি। আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত তাকে আইনগতভাবে অভিযুক্ত ব্যক্তি হিসেবেই গণ্য করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন