জাপানের সেরা তারকাকে চেনেন না রায়ান!

ব্রাজিলের ‘হোমওয়ার্ক’

জাপানের সেরা তারকাকে চেনেন না রায়ান!

ফন্ট সাইজ:

সংবাদ সম্মেলনে এসে একটু অস্বস্তিতেই পড়ে গেলেন ব্রাজিলের তরুণ তারকা রায়ান। জাপানি সাংবাদিক দেশটির সেরা তারকাকে চেনেন কিনা সেই প্রশ্ন ছুঁড়েছিলেন। লাজুক হাসি দিয়ে ১৯ বছরের উইঙ্গার বললেন, ‘ভাই, জানি না। ভিডিও দেখলে বলতে পারবো!’ হিউস্টনে জাপানের বিপক্ষে শেষ ষোলোয় উঠার লড়াইয়ে নামার আগে দ্রুত 'হোমওয়ার্ক' সারতে হবে রায়ানকে। এ কাজও শুরু করে দিয়েছে ব্রাজিল দল। দেশটি জাপান ম্যাচকে সামনে রেখে ঘন্টা-দুয়েক ঘাম ঝড়িয়েছে। নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে।

এবারের বিশ্বকাপে আলাদা করে চিনিয়েছেন উইঙ্গার রায়ান। ব্রাজিল দলে বড় তারকাদের ভীড়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন ১৯ বছর বয়সী এ তরুণ। স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট করে গড়েছেন রেকর্ড। ১৯৫৮ সালে পেলের পর ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অ্যাসিস্ট করা ফুটবলার এখন রায়ান। ওই বছর পেলে বিশ্বকাপ জেতেন মাত্র ১৭ বছর বয়সে।
ইংলিশ প্রিমিয়ার লীগে ক্লাব বোর্নমাউথ এর হয়ে খেলা রায়ান মরক্কোর বিপক্ষে সুযোগ পাননি। হাইতির বিপক্ষে আনচেলেত্তির শুরুর একাদশে জায়গা হয়নি তার। ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনার তারকা রাফিনিয়া হ্যামস্ট্রিং চোটে পড়লে ভাগ্য খুলে যায়। তাকে মাঠে নামান আনচেলেত্তি। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগান রায়ান। পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে তার সুযোগ হয়। ম্যাচের সপ্তম মিনিটে স্কটিশ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে ভিনিসিয়ুস জুনিয়রকে পাস দেন রায়ান। সেই পাস ধরে ব্রাজিলকে এগিয়ে নেন ভিনি।
বিশ্বকাপে ব্রাজিল ও জাপান এর আগে একবারই মুখোমুখি হয়েছে। ২০০৬ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর কোচিংয়ে থাকা জাপানকে ৪-১ গোলে হারায় ব্রাজিল। তবে সাম্প্রতিক ইতিহাস ভিন্ন কথা বলে। গত বছরের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় জাপানের কাছে। সেই স্মৃতি এখনো তাজা। তাই এশিয়ার ডার্কহর্সদের নিয়ে সতর্ক ব্রাজিল। রায়ান বলেন, ‘জাপান যে অনেক শক্তিশালী দল, সেটা আমরা জানি। এই ম্যাচ আমাদের আরো ভালোভাবে প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করছে।’
ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লোস আনচেলত্তি দলের ফরোয়ার্ডদের শুধু আক্রমণে নয়, রক্ষণেও সমান মনোযোগ দিতে বলছেন। রায়ান জানালেন সেই কথাই। তিনি বলেন, ‘আনচেলত্তি আমাদের বলেন, মার্কিং শুরু হয় ফরোয়ার্ড থেকেই। ক্লান্ত থাকলেও প্রেস করা আমাদের দায়িত্ব। এখন যেকোনো ভুলই চূড়ান্ত পরিণতি ডেকে আনতে পারে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন