বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার তিনি কানাডায় মৃত্যুবরণ করেন। তিনি সেখানে তার ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেনকে কানাডাতেই দাফন করা হবে।
ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় তারা বলেন, ইসমাইল হোসেন ছিলেন একজন নিবেদিত প্রাণ সংবাদপত্রসেবি। তিনি আজীবন খবরের কাগজের সঙ্গে ছিলেন। সিলেটে সংবাদপত্র বিপণন খাতে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
এদিকে ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন। শোকবার্তায় সংগঠনটি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুতে সিলেটের সংবাদপত্র বিতরণ সংশ্লিষ্টদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
