চট্টগ্রাম বন্দরের অকশন (নিলাম) শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে লাগা এ আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপন ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন অকশন শেডে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও একটি ইউনিট যোগ দেয়া হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সমন্বিত প্রচেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে নিশ্চিত করা হয় যে আগুন পুরোপুরি নির্বাপিত হয়েছে এবং আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা যোগ দিয়ে যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করেন। চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের কারণে স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে তদন্ত করা হবে। বর্তমানে বন্দরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
