গ্রুপের শেষ ম্যাচে বেঞ্চের পরীক্ষায় স্কালোনি

গ্রুপের শেষ ম্যাচে বেঞ্চের পরীক্ষায় স্কালোনি

ফন্ট সাইজ:

প্রাথমিক লক্ষ‌্য পূরণ ইতোমধ‌্যেই হয়ে গেছে আর্জেন্টিনার। টানা দুই জয়ে গ্রুপ সেরা হিসাবে তারা খেলবে নকআউটে। জর্ডানের বিপক্ষে শেষ ম‌্যাচে চাপ নেই বর্তমান চ‌্যাম্পিয়নদের। কোচ লিওনেল স্কালোনি বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন এই ম‌্যাচে। বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে নেয়া ছাড়াও লিওনেল মেসির মতো গুরুত্বপূর্ণ তারকাদের বিশ্রাম দিতে চান তিনি। ডালাস স্টেডিয়ামে ম‌্যাচটি শুরু হবে রবিবার সকাল ৮টায়। একই সময়ে কানসাস সিটি স্টেডিয়ামে বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হবে আলজেরিয়া-অস্ট্রিয়া।

জিওভানি লো সেলসো, মার্কোস সেনসি, ভেলেন্তিনো বার্কো, এজিকুয়েল পালাসিওস, গিলিয়ানো সিমিওনে এবং হোসে ম‌্যানুয়েল লোপেজদের জর্ডানের বিপক্ষে সুযোগ দিতে যাচ্ছেন স্কালোনি। সংবাদমাধ‌্যমকে স্কালোনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়কে সুযোগ দেয়া। আমার বিশ্বাস তারা সেই সুযোগের যোগ‌্য।’

গত আসরে আর্জেন্টিনার আক্রমণভাগে অন‌্যতম ভরসা ছিলেন হুলিয়ান আলভারেজ। এবার শুরুর দুই ম‌্যাচ তিনি খেলেছেন বদলি নেমে। জর্ডানের বিপক্ষে প্রথম মিনিট থেকেই খেলতে পারেন তিনি। আলভারেজও প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, ‘প্রস্তুতি ম‌্যাচগুলো খেলার মতো সেরা অবস্থায় ছিলাম না। তবে এখন নিজেকে খুব ভালো লাগছে। কোচ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটাই পালন করছি।’

হাঁটুতে চোট লাগায় খেলতে পারবেন না ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টাইন সংবাদমাধ‌্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, রোমেরোর জায়গা নিতে যাচ্ছেন অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি। এছাড়া চোট কাটিয়ে ফেরা লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকো অন‌্যদের চেয়ে বেশি সময় পেতে পারেন মাঠে। নির্ভরযোগ‌্য সাংবাদিক গাস্তন এদুল জানান, আলভারেজ, লো সেলসো, তালিয়াফিকো শুরুর একাদশে থাকবেন।

প্রশ্ন হলো- মেসিকে পুরোপুরি বিশ্রাম নাকি অল্প সময় খেলার সুযোগ দেওয়া হবে? দুই ম‌্যাচে পাঁচ গোল করে ভক্তদের প্রত‌্যাশা বাড়িয়ে তুলেছেন মেসি। স্বাভাবিকভাবেই তাকে মাঠে দেখতে চাইছে সবাই। তবে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর শারীরিক ধকলের কথা নিজেই জানান এই মহাতারকা। ফলে জর্ডানের বিপক্ষে মাঠে নামলেও অল্প সময় দেখা যেতে পারে তাকে।

অন‌্যদিকে, দ্বিতীয় স্থানের জন‌্য লড়বে আলজেরিয়া-অস্ট্রিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব‌্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রিয়ানরা। আলজেরিয়ার সঙ্গে ড্র করলেই নকআউটে ইতরে যাবে ডেভিড আলাবার দল। সরাসরি শেষ ৩২-এ যেতে আলজেরিয়ার জয়ের বিকল্প নেই। হেরে গেলে ভবিষ‌্যত অনিশ্চিত রিয়াদ মাহরেজদের। ‘জে’ গ্রুপের রানার্সআপদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের চ‌্যাম্পিয়ন দল। আর ‘জে’ গ্রুপ চ‌্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপদের সঙ্গে। সেক্ষেত্রে সম্ভাব‌্য প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন