ভোলার লালমোহন উপজেলায় আগ্রাসী হয়ে উঠেছে বেওয়ারিশ কুকুর। দুইদিনে কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ২০ জন। এদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৭ জন চিকিৎসা নিয়েছেন। এর আগে বুধবার আরও ১৩ জন কুকুরের কামড়ে আক্রান্ত হন। অধিকাংশ আক্রান্তরা উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন অনেকে। যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। হঠাৎ করেই কুকুর আগ্রাসী হয়ে ওঠায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর রোগাক্রান্ত। এসব রোগাক্রান্ত কুকুরগুলোর চিকিৎসায় সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, বর্তমানে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত হয়ে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন তাদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে সামনে যেহেতু কুকুরের প্রজনন মৌসুম তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে। তাহলেই কুকুরের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে।
দৌলতপুরে একজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বাধা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফ একজনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় আলী আজগর (৬৫) নামে নামে ওই ব্যক্তিকে ভারতের মধুগাড়ী সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন (কমান্ডেন্ট) অধিনস্থ মধুগাড়ী ক্যাম্পের বিএসএফ ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ী সীমান্ত দিয়ে আলী আজগরকে পুশইনের চেষ্টা করে। এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল ও মাঠে কর্মরত কৃষকরা তা প্রতিহত করে তাকে ভারত সীমানায় পাঠিয়ে দেয়। বর্তমানে ওই ব্যক্তি ভারত সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে। আজগর ঢাকার মিরপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।
