হাউস অব লর্ডসের প্রতিবেদন

/আইএল আর ১০ বছরে হলে এটি হবে অন্যায় ও আইন বিরোধী

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী বসবাস বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আই এল আর ) পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে দশ বছর বাড়ানোর সরকারি পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনা করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের একটি কমিটি।
লর্ডসের বিচার ও স্বরাষ্ট্রবিষয়ক কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, যারা ইতোমধ্যে বর্তমান নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যে বসবাস করছেন, তাদের ওপর নতুন নিয়ম পূর্ববর্তী সময় থেকে কার্যকর করা হলে তা “স্পষ্টতই অন্যায্য” এবং “সম্ভাব্যভাবে আইনবিরোধী” হতে পারে।
কমিটির মতে, বহু অভিবাসী বর্তমান পাঁচ বছরের নিয়মকে ভিত্তি করে চাকরি, পরিবার, বাসস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন। নতুন নিয়ম তাদের জীবন ও পরিকল্পনায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাজ্যকে দক্ষ বিদেশি কর্মীদের কাছে কম আকর্ষণীয় করে তুলতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সরকার বলছে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে উচ্চমাত্রার অভিবাসনের ফলে আগামী কয়েক বছরে বিপুল সংখ্যক মানুষ স্থায়ী বসবাসের যোগ্য হয়ে উঠবেন, যা রাষ্ট্রের ওপর বড় আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।

তবে সরকার ইঙ্গিত দিয়েছে, চিকিৎসক, নার্স, শিক্ষকসহ কিছু গুরুত্বপূর্ণ পেশার কর্মী এবং উচ্চ আয়ের অভিবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এদিকে বেশ কয়েকজন আইন বিশেষজ্ঞ মনে করছেন, ইতোমধ্যে বৈধভাবে নির্ধারিত পথে থাকা অভিবাসীদের জন্য নিয়ম পরিবর্তন করলে তা আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সবশেষে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থায়ীভাবে বসবাসের সুযোগ একটি অর্জিত অধিকার, এটি স্বয়ংক্রিয় নয়। সরকার মনে করে, দেশের স্বার্থ রক্ষায় অভিবাসন ব্যবস্থায় সংস্কার প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন