বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ওই পদের বিপরীতে তার উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, ২০২৪ সালের ২০শে জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বহির্ভূতভাবে একজন সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়েছিল। একই সভায় পুনরায় অধ্যাপক ডা.এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়, যা ছিল বিধিবহির্ভূত। তাই নিয়োগ অনুমোদন করা যায় না।
এরই পরিপ্রেক্ষিতে, ২০২৬ সালের ১৩ই জুন ৯৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক হিসেবে দেয়া আজীবন নিয়োগটি বাতিল করা হলো। একই সঙ্গে ৯২তম সভার তারিখ (২০২৪ সালের ২০ জুন) থেকে অধ্যাপক ইমেরিটাস পদের বিপরীতে তার উত্তোলিত বেতন-ভাতাদিও ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে, যোগ করা হয় অফিস আদেশে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক এ বি এম আবদুল্লাহ মানবজমিনকে বলেন, ‘হ্যাঁ, আমি এমন একটা চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা করেছে, অন্যায় করেছে। আমার ওপর অবিচার করেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও এভাবে একটা সম্মানজনক পদ ছিনিয়ে নেয়ার নজির নেই। তিনি আরও বলেন, আমি ৫০ বছর যাবত চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমার ছাত্ররা স্বনামখ্যাত অধ্যাপক। জীবনের শেষ সময়ে এসে এমন আচরণ প্রত্যাশিত নয়। কারা, কী কারণে (এটি) করছে, তারাই জানে।

Andalib
৫৯ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। শেখ হাসিনার চিকিৎসক হওয়াটা কোন অপরাধ নয়। অথচ এটার কারণে এমন একজন বরেণ্য চিকিৎসককে অপমান করার অধিকার কারো নেই।