দ্বৈত নাগরিকত্ব: এমপি হিসেবে মাহবুবুল আলমের শপথ কেন অবৈধ নয়, জানতে রুল

ফন্ট সাইজ:

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিব, জাতীয় সংসদের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও মাহবুবুল আলমসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটে বলা হয়, মাহবুবুল আলম যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক ছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার বিদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। সে সময় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র স্থগিত করেছিলেন এবং পরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জটিলতা সৃষ্টি হয়। তবে আপিল প্রক্রিয়া শেষে তিনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান এবং পরবর্তীতে কুড়িগ্রাম-৩ আসন থেকে বিজয়ী হন।

উল্লেখ্য, গত ২রা জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মাহবুবুল আলমের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন—এ মর্মে পর্যাপ্ত প্রমাণপত্র দাখিল না করায় বিষয়টি যাচাইয়ের প্রয়োজন দেখা দেয়। পরে এ নিয়ে নির্বাচন কমিশনের আপিল প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহবুবুল আলম জামায়াতের প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম।
রুলের ওপর পরবর্তী শুনানির দিন পরে নির্ধারণ করবেন আদালত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন