দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ট্যাক্সের আওতা থেকে বাইরে রাখার প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহ-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান। তিনি সংসদে প্রশ্ন রাখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট অর্গানাইজেশন কীভাবে ট্যাক্সেবল হয়?
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। সকাল ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সেশন নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় ডা. মাহবুবুর রহমান বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি ইজ রানিং বাই ট্রাস্টি বোর্ড, নন প্রফিট অর্গানাইজেশন। একটা নন-প্রফিট অর্গানাইজেশন কীভাবে ট্যাক্সেবল হয়? এটা আমাদের মাথায় আসে না। বিগত সরকার এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এখান থেকে টাকা নিয়েছে। ইউনিভার্সিটির ওপরে চাঁদাবাজি করেছে। আমি অনুরোধ করব আমাদের সরকারকে, এই সরকার অবশ্যই শিক্ষার জন্য এত কিছু যেহেতু করছে, আই হোপ যে উনারা এই ট্যাক্স জিনিসগুলা না রেখে ট্রাস্টি বোর্ডকে এর আওতা থেকে বাইরে রাখবে ইউনিভার্সিটিকে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, সামাজিক যে সেফটি নেট, এইখানে তো একটা হিউজ ব্যাপার ফ্যামিলি কার্ড, এইটার কোনও তুলনাই হয় না। আমাদের অপজিশনরা প্রথমদিকে হয়ত ফ্যামিলি কার্ড নিয়ে যাই বলেছেন, আমার মনে হয় উনারা বুঝতে পেরেছেন যে আসলে ফ্যামিলি কার্ড নিয়ে নাড়াচাড়া করলে যেভাবে উনারা জিতে আসছেন কয়েকটা জায়গায়, সেখানে অসুবিধা।
নিজ এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, আমার এলাকা ত্রিশাল। এখানে মাছের জায়গা এবং এখানে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন পাঙ্গাসের ফিশ ফিলের ওপরে ট্যাক্স বসাইছেন যেটা বিদেশ থেকে আমদানি করা হয়, এর ফলে আমাদের পাঙ্গাস চাষীরা অনেক উপকৃত হবে, তারা দেশের মাছকেই আমাদের দেশে মার্কেটিং করতে পারবে যার জন্য এবং ফিশ ফিল পোল্ট্রি ফিডের ওপর ট্যাক্স কমে আসছে, এইটাও একটা বিশাল যুগান্তকারী ঘটনা হবে।
