চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম এলাকায় অবস্থিত একটি নিলাম শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দ্রুত অভিযানে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সমন্বিত প্রচেষ্টায় আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও কাজ চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
