বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলমীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে। বৃহস্পতিবার বেলা ১১ টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে রাষ্ট্রদূত এ সাক্ষাত করেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচে এমিলি পালাউয়ান।
বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্জাবান জানান। ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।
এসময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
