৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে অনিয়ম, ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে অনিয়ম, ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

ফন্ট সাইজ:

৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় আইন অনুসরণ না করায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) ৬০ দিনের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ ও পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রায়ের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব বলেন, ‘নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে বিধিমালা অনুযায়ী মেধাতালিকা প্রকাশ ও প্রার্থীদের পছন্দক্রম গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু ৪৩তম বিসিএসে পিএসসি এ প্রক্রিয়া অনুসরণ না করেই নিয়োগ দিয়েছে।’ তিনি জানান, প্রায় ৪ লাখ ৩০ হাজার পরীক্ষার্থীর মধ্যে সব ধাপ শেষে প্রায় ৯ হাজার ৮০০ জন ভাইভায় অংশ নেন। রিটকারী ৪৬৫ জনও তাদের মধ্যে ছিলেন।

পল্লব বলেন, ‘আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে, নন-ক্যাডার নিয়োগে প্রচলিত আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। তাই ৬০ দিনের মধ্যে উত্তীর্ণদের ফল প্রকাশ করে আইন অনুযায়ী পুনরায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আদালত রিটকারী ৪৬৫ জনের বিষয়টি নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিবেচনার নির্দেশ দিয়েছেন। তবে ইতিমধ্যে নিয়োগ পাওয়া ৪৪২ জনের ক্ষেত্রে আইনসম্মতভাবে নিয়োগ হয়ে থাকলে তাদের বিষয়ে আবেদনকারীদের কোনো আপত্তি নেই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন