দেশের লোকসংগীতশিল্পী কাঙালিনী সুফিয়া অর্থাভাবে বিনা চিকিৎসায় ধুঁকছেন। ভাঙা হাত নিয়ে শয্যাশায়ী তিনি। চিকিৎসার পাশাপাশি নিত্যদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে তার ডান হাত ভেঙে গেছে। কিন্তু অর্থ সংকটের কারণে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেননি শিল্পী। প্রতিবেশীদের সহায়তায় স্থানীয় এক কবিরাজের কাছে ভাঙা হাতের চিকিৎসা নিয়েছেন। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে সরকারিভাবে পাওয়া নিজের ছোট্ট ঘরে বিনা চিকিৎসায় দিন কাটছে এই শিল্পীর।
নিজের এমন অবস্থা প্রসঙ্গে কাঙালিনী সুফিয়া বলেন, টাকা না থাকায় ডাক্তার দেখাতে পারছি না। কবিরাজ দিয়ে হাতের চিকিৎসা চলছে। আগে বিভিন্ন জায়গায় গান গেয়ে সংসার চলতো। এখন বয়সের ভার আর অসুস্থতার কারণে গান গাইতে পারি না। কাঙালিনী সুফিয়ার মেয়ে পুষ্প বলেন, মায়ের হাত ভাঙার পর অনেকের কাছে সাহায্য চেয়েছি, কেউ এগিয়ে আসেননি। টাকার অভাবে ভালো কোনো ডাক্তার দেখাতে পারিনি। উপায় না পেয়ে মাকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাই। সেখান থেকে ৭ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। কিন্তু এই সামান্য টাকা দিয়ে কী করবো বুঝতে পারছি না। মা হার্ট, কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন।
