চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈম। অনেকেরই অজানা, অভিনয়ের বাইরেও তবলা ও বাঁশি বাজাতে এবং ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন এ নায়ক। খেলার প্রতি আলাদা টান রয়েছে। সারা বিশ্ব যখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত তখন নাঈমও তার ব্যতিক্রম নন। তার পছন্দের দু’টি দল আর্জেন্টিনা এবং জার্মানি। যত ব্যস্ততাই থাকুক এ দু’টি দলের খেলা দেখা মিস করেন না তিনি। জার্মানি দলের প্রিয় খেলোয়াড় কাই হাবার্টজ এবং জামাল মুসিয়ালার খেলা তার ভালো লাগে। আর আর্জেন্টিনার মেসি তো অলটাইম ফেভারিট। নাঈম বলেন, বাঙালি মানেই তো ফুটবল। বাঙালির রক্তে মিশে আছে ফুটবল খেলা।
শৈশব, তারুণ্যের পড়ন্ত বিকালগুলো মাঠে ফুটবল খেলে কেটে যেতো। আর ঝুম বৃষ্টি হলে তো কথাই নেই, পুরো এলাকার ছোট-বড় সবাই ফুটবল নিয়ে বৃষ্টির মধ্যেই মেতে থাকতাম। সে সময় আর কিছু মনে থাকতো না। বিশ্বকাপ এলেই শৈশবে ফিরে যাই। স্মৃতি রোমন্থন করি। আমার স্ত্রী শাবনাজ, বড় মেয়ে নামিরা- আমরা সবাই এবার একসঙ্গে বসে প্রিয় দলের খেলাগুলো উপভোগ করছি।
