মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়

ফন্ট সাইজ:

ঢাকা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মহিলা শাখার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাদ্রাসার মহিলা শাখার ইনচার্জ মাসুদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা নেত্রী আয়েশা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসু নেত্রী সাবিকুন্নাহার।

এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট স্কলার ও শিক্ষাবিদ আলী হাসান ওসামা, মাওলানা আবুল কাসেম গাজী, মাওলানা ফছীহুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখিমন খাতুন, তাজকিয়া ও সামিয়া রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী বলেন, আলিম পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ধর্মীয় নৈতিকতার সমন্বয়ে আত্মমর্যাদাশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সততা আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান বক্তা আয়েশা বেগম বলেন, একটি আদর্শ জাতি গঠনে শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে অর্জিত জ্ঞান সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি সাবিকুন্নাহার বলেন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য মেধাবী নারীদের এগিয়ে আসতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাস ও নৈতিকতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের গৌরব বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সমাপনী বক্তব্যে স্কলার আলী হাসান ওসামা বলেন, পরীক্ষা শুধু জ্ঞান যাচাইয়ের নয়, ধৈর্য ও অধ্যবসায়েরও পরীক্ষা। তিনি শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরে আলী হাসান ওসামার পরিচালনায় পরীক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন