বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায় বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলের প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। আর একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।
বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে। এ বিষয়ে জনগণ প্রত্যাশা করে সরকার যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নেবে এবং রপ্তানি বাড়াতে কাজ করবে। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
সংসদে জুয়া নিষিদ্ধ করার জন্য বিল উত্থাপন করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, সমাজবিরোধী কর্মকাণ্ড নির্মূলের যথাযথ উদ্যোগ নিচ্ছে বর্তমান নির্বাচিত সরকার। জুয়া সম্পূর্ণরূপে নির্মূলের জন্য কার্যকর ভূমিকা রাখবে সরকার। নির্বাচনের প্রাক্কালে দলের পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বাস্তবায়ন করছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের উস্কানি ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, তবে জনগণ অত্যন্ত সচেতন এবং সবকিছুই বুঝতে পারছে।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।
