বিশ্বকাপের মাঝপথে সাময়িকভাবে দায়িত্ব ছাড়লেন ফ্রান্সের কোচ

বিশ্বকাপের মাঝপথে সাময়িকভাবে দায়িত্ব ছাড়লেন ফ্রান্সের কোচ

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মাঝেই ব্যক্তিগত শোকের মুখোমুখি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে দলের দায়িত্ব সাময়িকভাবে ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন তিনি। ফলে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগআউটে দেখা যাবে না এই কিংবদন্তি কোচকে।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, দেশম নরওয়ে ম্যাচের আগের অনুশীলন সেশনগুলোও পরিচালনা করতে পারবেন না। তাঁর অনুপস্থিতিতে দলের হাল ধরবেন দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী গাই স্টেফান।


আগামী শুক্রবার (২৬ জুন) বোস্টনে 'আই' গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে নরওয়েও সমান পয়েন্টে। জয়ী দলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ ছাড়াই মাঠে নামতে হবে ফ্রান্সকে।

২০১২ সাল থেকে ফ্রান্স জাতীয় দলের দায়িত্বে থাকা দেশম দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন। তাঁর নেতৃত্বেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দলকে তুলেছিলেন তিনি, যদিও সেখানে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্স-আপ হতে হয়।

শুধু কোচ হিসেবে নয়, খেলোয়াড় হিসেবেও দেশমের ক্যারিয়ার ছিল গৌরবময়। ১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের সময় তিনি ছিলেন দলের অধিনায়ক। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে খেলেছেন ১০৩টি ম্যাচ, যা সে সময় ছিল ফরাসি ফুটবলের রেকর্ড।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন