প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষতা উন্নয়নপূর্বক কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বছরে ১২ লাখের অধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে; যার মধ্যে অধিকাংশই বিদেশগামী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সের প্রার্থী।
মঙ্গলবার সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মোক্তার আলীর টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশব্যাপী ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘ মেয়াদি ট্রেড/কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
