ধানমণ্ডি-৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা, জামায়াতের দুঃখপ্রকাশ

ধানমণ্ডি-৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা, জামায়াতের দুঃখপ্রকাশ

ফন্ট সাইজ:

রাজধানীর ধানমণ্ডি-৩২ নম্বরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমণ্ডি জোনের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৈনিক সকাল পত্রিকার রিপোর্টার মাহফুজুর রহমান শিশির আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এ নিয়ে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জামায়াতের কয়েকজন কর্মী সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের কলার চেপে ধরে তাকে ঘুষি মারেন। পরে তিনি রাস্তায় পড়ে গেলে তাকে লাথিও মারা হয়। হামলার ফলে আহত শিশিরের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা বা সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের এই সময়ে গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখা জরুরি। একই সঙ্গে কোনো স্বার্থান্বেষী মহল যেন এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জুবায়ের বলেন, ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত করা হবে। তদন্তে দলের কোনো পর্যায়ের কর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন