জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগ আমলে সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জামায়াতের আমীর বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে অতীতের গুম, হত্যা ও নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও এখন সে অবস্থান থেকে সরে এসেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, গত চার মাসে দেশে ছয় শতাধিক মানুষ হত্যার শিকার হয়েছে। একইসঙ্গে প্রশাসন, বাংলাদেশ ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, সরকার ফ্যাসিবাদের পথেই এগোচ্ছে। গুম-হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। হয় আপনারা বিচার নিশ্চিত করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারও ধামাচাপা দেয়ার চেষ্টা হচ্ছে এখন পর্যন্ত চার্জশিট দেয়া হয়নি। কাদের খুশি করার জন্য এগুলো করা হচ্ছে তা জাতি জানতে চায়। ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। যেদিন মনে হবে সংসদে কথা বলে আর লাভ নাই সেদিন আমরা সংসদকে বিদায় দিয়ে বেরিয়ে আসবো।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণহত্যার দুই বছর পরও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়া হতাশাজনক। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অসংখ্য গুম ও হত্যাকাণ্ড সংঘটিত হলেও এখন পর্যন্ত নতুন কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। গত চার মাসে নতুন কোনো তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয়নি। চিফ প্রসিকিউটর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। বিচার নিশ্চিত করতে না পারলে এ সরকার কোনোভাবে ৫ বছর টিকে থাকতে পারবে না। গণহত্যার কারণে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার কারণে বিএনপি জনতার কাঠগড়ায় দাঁড়িয়েছে। এ দুই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, বিএনপি’র প্রতি সবিনয়ে আহ্বান জানাচ্ছি- ফ্যাসিবাদী আমলে পিলখানা, শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের বিচার করুন। যদি বিচার করতে না পারেন তাহলে আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সেই ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশে ফিরতে দিবো না। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জুলাই জাদুঘর নিয়ে টালবাহনা করছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর আহমদ আলী কাসেমী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
