প্রশাসনিক জটে বিপাকে লালপুরের ইটভাটা শিল্প, সমাধান চেয়ে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে লাইসেন্স নবায়ন, ছাড়পত্রপ্রাপ্তি ও প্রশাসনিক জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতি। গতকাল সকালে উপজেলার লালপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রের জন্য নিয়মিত আবেদন করা হলেও প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ও জটিল প্রক্রিয়ার কারণে অনেকের বৈধ ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারো শ্রমিক-কর্মচারী, পরিবহন শ্রমিক, কাঁচামাল সরবরাহকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা জড়িত।

ফলে ইটভাটার কার্যক্রম ব্যাহত হলে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তারা আরও বলেন, লাইসেন্স জটিলতা, কাঁচামাল সংগ্রহে প্রতিবন্ধকতা এবং প্রশাসনিক জটিলতার কারণে শিল্পটি বর্তমানে চরম সংকটের মুখে রয়েছে। তারা পরিবেশ সংরক্ষণ ও প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিয়মিত কর, ভ্যাট ও সরকারি ফি পরিশোধ করে আসছেন। সংবাদ সম্মেলনে লাইসেন্স ও ছাড়পত্রপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, আইনের যথাযথ প্রয়োগ, শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শিল্পবান্ধব নীতিমালা প্রণয়ন এবং কাঁচামাল পরিবহনে বিদ্যমান বাধা দূর করার দাবি জানান তারা।

এ সময় সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান লিটন, সদস্য ইদবার হোসেন, আবুল কাশেম, জিয়ারুল ইসলাম, শফিকুল ইসলাম ময়না, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন