গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১৭৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ৪৪ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৯১৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শ্রীপুর পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ আখতার এ বাজেট উপস্থাপন করেন।
বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। তবে এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পৌরসভার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। জনসাধারণের ওপর কোনো নতুন করের বোঝা চাপানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী প্রধান মো. বদরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা আ. কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী তানভীর আলম, টাউন প্ল্যানার সাইফুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
