কিশোরগঞ্জে ফলমেলায় নানান ফলের সমাহার

ফন্ট সাইজ:

দেশি-বিদেশি নানান জাতের ফল নিয়ে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুরে খামারবাড়ীতে শুরু হয়েছে তিনদিনের জেলা ফলমেলা। মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে এ মেলা, যা আগামী বৃহস্পতিবার শেষ হবে। মেলায় ৮টি স্টল দেয়া হয়েছে। বিভিন্ন জাতের আমসহ, কাঁঠাল, কলা, আনারস, কাঠলিচু, কদবেল, জাম, চালতা, ডেউয়া, ডেফল, করমচা, তৈকর, চেরি, সফেদা, আনার, বিলিম্বি, কাঠবাদাম, আমড়া, ডুমুর, বেল, কামরাঙ্গা, পেয়ারা, ড্রাগন, তাল, নারিকেল, গাব, পেঁপে, জামরুল, লটকন, অরবরই, আমলকি, দেশি মাল্টা, জাম্বুরা, ডালিম ও নানান ফল এসব স্টলে শোভা পাচ্ছে।

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ৯টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক সোহানা নাসরিন। এরপর তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) জেবুন নাহার শাম্মী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানান, জেলাবাসীর কাছে দেশি ও নতুন জাতের মৌসুমি ফল পরিচিত করিয়ে দিতেই এ মেলার আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহীনুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. ইমরুল কায়েস এবং কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন