রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নগরজুড়ে ব্যাপক তোলপাড় চলছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ধারণা ছাদের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে যায়। তবে চলছে ব্যাপক গুঞ্জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। নুজসাত নগরীর খলিফাপাড়ার নজরুল ইসলামের মেয়ে ও ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। সোমবার বিকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ নর্থভিউ হোটেলে এসে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে ডিবি পুলিশসহ সিআইডি’র টিম কাজ করছে। সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত সোমবার বিকালে নুজসাত একই নর্থভিউ হোটেলে আসে। সে লিফটে করে সোজা ছাদে চলে যায়। নর্থভিউয়ের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বিকাল ৪টা ৫৪ মিনিটে নুজসাত হোটেলের ছাদে উঠে এবং রাস্তার বিপরীত দিকে মুখ করে একাই রেলিংয়ের ছাদে বসে থাকে।
প্রায় একঘণ্টা সেখানে অবস্থান করে নুজসাত উল্টোভাবে রেলিং থেকে নিচে পড়ে যায়। ডিবি কার্যালয়ের বিপরীত পার্শ্বে হওয়ায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে। পরে ঘণ্টাখানিক পর একটি এম্বুলেন্সে করে রাস্তার বিপরীত দিকে থাকা ডিবি কার্যালয়ে লাশটি নিয়ে যায় পুলিশ। উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, তার মৃত্যুর ঘটনার সঙ্গে কোনো অপরাধী জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেনেছি সে হোটেলে যায়নি। ঘটনাটি তদন্তে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে।
