মেহেরপুরে ৪টি ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনীতে তাবলীগ জামাতের নামাজপড়ার দাওয়াত দেয়া নিয়ে বিতর্কের জেরে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মুন্সীপাড়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত অপরাধে রাজন (৩৫) নামের একজনকে আটক করেছে। তিনি ওই আব্দুর রশীদের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৯শে জুন কাজীপুর মুন্সীপাড়া জামে মসজিদে ৪ জন পাকিস্তানি নাগরিক তাবলীগ জামাতের জন্য আসেন। গত সোমবার লালনভক্ত রাজনকে মাগরিবের নামাজের দাওয়াত দেন তারা। এ সময় রাজনের সঙ্গে পাকিস্তানিদের সঙ্গী আশিকের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।

আশপাশের লোকজন ঘটনা দেখার পর উত্তেজিত হয়ে রাজনকে মারতে গেলে তিনি পালিয়ে যান। একপর্যায়ে তার নিজ বসতবাড়ির ছাদ থেকে ৪টি ককটেল রাস্তার উপরে নিক্ষেপ করে ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। ককটেল নিক্ষেপের ঘটনায় গ্রামবাসী রাজনের বাড়ির চারপাশে অবস্থান নিয়ে ঘিরে ফেলে। পরে পুলিশ রাতেই রাজনকে আটক করে থানায় নেয়। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজন ও তার পিতা রশীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় রাজনকে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। রাজনের পিতা রশীদ পলাতক রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন