রাঙ্গামাটি শহরে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, সন্ত্রাসী কার্যক্রম, মাদক সংশ্লিষ্ট অভিযোগে যুবলীগ, শ্রমিক লীগ ও কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত সোমবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালি থানা পুলিশ রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রাঙ্গামাটি সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নুরুল হক (৫২), রাঙ্গামাটি জেলা শ্রমিকলীগের সভাপতি মো. কবির (৫২), রাঙ্গামাটি সদর কৃষকলীগের সহ-সভাপতি চম্পক দাশ (৫৪), ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দীন (৪২), যুবলীগ সদস্য মো. ইলিয়াছ (৩৫), লংগদু উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো. ইসমাইল বেগ (৫৯), ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. জসিম (৩৮), ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সদস্য মো. নয়ন (১৯), নানিয়ারচর থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম মিজান (৪৫) এবং কাপ্তাই ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. রাসেল (৩৮)।
এছাড়া অভিযানে শাহাদত হোসেন জীবন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম বাবু (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে রিন্টু (২৬) ও হাফিজুর রহমান (২৯) নামে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। কোতয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
