কুলিয়ারচরে রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযানে নাদিম হোসেন নামের রূপালী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযান চলাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুলিয়ারচর থানা পুলিশ গত সোমবার দিবাগত রাতে নাদিম হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত নাদিম হোসেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নওয়াগাঁ গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পরে গতকাল সকালে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করেছে। তিনি দীর্ঘদিন ধরে রূপালী ব্যাংকের ভৈরব শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার জন্য উস্কানি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন