ভোলার লালমোহন উপজেলায় বালুভর্তি ট্রাক নিয়ে পারাপারের সময় আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে মো. নাইম (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজহার রোডের পূর্ব মাথার বেতুয়া খালের উপরের ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নাইম ধলীগৌরনগর ইউনিয়নের চতলা এলাকার সালাহউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মো. আল-আমিন (১২) নামে ট্রাকের হেলপারও।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বালুভর্তি ট্রাকটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। তবে ব্রিজ পার হওয়ার আগেই হঠাৎ বিকট শব্দ শুনতে পাই।
তখন দৌড়ে গিয়ে বালুভর্তি ট্রাকটি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে থাকতে দেখি। সেখান থেকে দ্রুত ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক নাইমকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া হেলপার মো. আল-আমিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
