দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু উত্তোলনের ড্রেজার যন্ত্রসহ একটি বালুবোঝাই জাহাজ আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা পুলিশসহ তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের একটি ড্রেজার যন্ত্র ও একটি বালু ভর্তি কার্গো জাহাজ জব্দ করেন। বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে উপজেলার গোলখালী গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৪৫)কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আটক ফিরোজকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হাজিরহাট, ঢনঢনিয়া, আউলিয়াপুর, রণগোপালদী ও পাতারচরে ব্যাপক নদীভাঙনের সৃষ্টি হয়েছে। নদীভাঙন প্রতিরোধে স্থানীয় বাসিন্দারা একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
