তাহলে ‘ভারতকে হারানো যায়’

তাহলে ‘ভারতকে হারানো যায়’

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি ক্রিকেটে ২২ ম্যাচ পর হার দেখলো ভারত। সীমিত সংস্করণের বিশ্বকাপে এটি টানা ১২ ম্যাচ পর হার সূর্যকুমার যাদবদের। এই ‘অসম্ভব’কে সম্ভব করে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার বললেন, ভারত অসাধারণ দল হলেও, তাদের নিজেদের প্রতি বিশ্বাস ছিলো।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় ৭ বল আগে ১১১ রানে গুটিয়ে যায় ভারত। টিটোয়েন্টি বিশ্বকাপে রানের হিসেবে থেকে দেশটির সবচেয়ে বড় হার এটি। আগেরটি ছিল ২০১০ বিশ্বকাপে, ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানের। অন্যদিকে, সীমিত সংস্করণের ক্রিকেটে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ পরাজয়।

আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ইনিংস খেলে প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেন কিলার মিলার। দ্রুতই তিন উইকেট হারানোর পর এ অভিজ্ঞ ব্যাটার উপহার দেন ৩৫ বলে ৬৩ রানের ইনিংস। পরে ম্যাচসেরার হওয়া মিলার জানান, ভারতকে হারানো বিশ্বাসটা তাদের ছিল। তিনি বলেন, ‘তাদেরকে হারানো যায়। ভারত অবিশ্বাস্য একটি দল। তবে আমাদের জন্য এমন একটি টুর্নামেন্টে মূল বিষয় হলো, ছোট ছোট ব্যাপারগুলো ঠিকঠাক ভাবে করা এবং কাজ সম্পন্ন করা।’

ভারতকে সমীহ করেই এ তারকা ব্যাটার আরও বলেন, ‘কাজটা একদমই সহজ ছিল না। ভারতের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। তাদের বিপক্ষে অনেক খেলেছি এবং তাদের সঙ্গে বা আরেকটু বাড়িয়ে বললে, বড় দুটি দল যখন খেলে, তখন মূল বিষয়টি হলো, ছোট কাজগুলোই দীর্ঘ সময় ধরে ঠিক মতো করতে পারা। চাপ আসবেই। তবে সেটিকে আলিঙ্গন করে কাটিয়ে উঠতে হয়।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন