কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গাকৃবিতে প্রশিক্ষণ শুরু

ফন্ট সাইজ:

‘দক্ষ শিক্ষক, উন্নত কৃষি শিক্ষা’ স্লোগানকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষি অনুষদে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় শিক্ষকদের পেশাগত সক্ষমতা উন্নয়ন শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। কৃষি শিক্ষার মানোন্নয়ন, কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা এবং বিএসসি ইন এগ্রিকালচার প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপ-প্রকল্পের ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মো. রুহুল আমিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে। এ প্রশিক্ষণে কৃষি অনুষদের লেকচারার থেকে প্রফেসর পর্যায়ের মোট ৯২ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি শিক্ষা নিশ্চিত করতে হলে আমাদের শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, মূল্যায়ন ব্যবস্থা এবং গবেষণা কার্যক্রমকে সময়োপযোগী ও ফলাফলমুখী করতে হবে। বাংলাদেশের কৃষি এখন প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী।

সেই বাস্তবতায় কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে বিশ্ববিদ্যালয় সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করছে। এই প্রশিক্ষণ সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দ্বিতীয় পর্বে ক্লাউড কানেক্ট এআই-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরী ‘কৃষি বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার’ বিষয়ে আলোচনা করেন। বৈশ্বিক গবেষণায় অংশীদারিত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন গাকৃবি’র সাবেক প্রফেসর ড. এম এ করিম এবং বারির সাবেক ডিজি ড. মো. শহিদুল ইসলাম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন