মানিকগঞ্জে স্কুলছাত্রী মারিয়া হত্যা, আসামি শিক্ষকসহ ১৫ জন, গ্রেপ্তার ৮

ফন্ট সাইজ:

নিখোঁজের ছয়দিন পর অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তারের (১৪) খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় নিহতের দেহের উপরের অংশ ছিল একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো এবং নিচের কোমরের অংশ পড়েছিল মাটিতে। এ ছাড়া, পাশেই পড়েছিল স্কুল ব্যাগ, জুতা ও বোরখা। লোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দরনগর এলাকায়। পরে গত রোববার সন্ধ্যার দিকে সেখানকার একটি কবরস্থান সংলগ্ন নির্জন ঝোপের ভেতর থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্কুলছাত্রী সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের মেয়ে।

এদিকে, গতকাল দুপুরের পর হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা কামরুন নাহার বাদী হয়ে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ই জুন বিদ্যালয়ে টিফিন চলাকালে একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির ছাত্র আরিফের সঙ্গে অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়ার আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে দুই শিক্ষার্থীর অভিভাবকদের স্কুলে ডেকে মুচলেকা রেখে কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই স্কুলছাত্রী মারিয়া নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছিল না। পরে সিংগাইর থানায় একটি ডায়েরি করে। তবে নিখোঁজের ছয়দিন পর গত রোববার বিকালের দিকে উপজেলার চান্দনগর এলাকার কবরস্থানের কাছে একটি ঝোপের মধ্যে অর্ধগলিত খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে, এ নিহতের মায়ের হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী আলিফ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রীর মা বলেন, একই স্কুলে পড়ার সুবাদে আলিফ মেয়েকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। বিষয়টি তাদের পরিবারকেও বলা হয়েছিল। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। তারা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে আলিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন এই কর্মকর্তা। এদিকে, গতকাল স্কুলছাত্রীর মরদেহের ময়নাতদন্ত শেষে বিকালে দাফন সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন